
পশ্চিমবঙ্গে দুর্নীতির অভিযোগ থাকা ৪ রাজ্যে বাদে বাকি সব রাজ্যে ১০০ দিনের কাজ চালু করতে হবে। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার।
সেই মামলার শুনানি আপাতত ২৭ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আর্থিক দুর্নীতির অভিযোগে রাজ্যে গত তিন বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে। গত জুন মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল ১০০ দিনের কাজ আবার শুরু করতে হবে। তবে গোটা প্রকল্প বন্ধ রাখা যাবে না। যে চার জেলায় দুর্নীতির অভিযোগ রয়েছে, তাছাড়া বাদবাকি জেলায় ১০০ দিনের কাজ চালুর পক্ষে মত দিয়েছিল উচ্চ আদালত। হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র।
কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতার আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। আগামী ২৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে শীর্ষ আদালতে।








