
মহিলারা খুব আতঙ্কে রয়েছেন। এমনই মন্তব্য করে জয়নগরে অবিলম্বে কেন্দ্রীয় দল পাঠানোর আর্জি জানিয়ে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবীকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
স্পোম্বার কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠিতে সুকান্ত মজুমদার লিখেছেন, ভয়াবহ উদ্বেগের ঘটনা হয়েছে জয়নগরে। ৫ অক্টোবর এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এর জেরে সাধারণ মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার গুরুত্বের কথা বিবেচনা করে দ্রুত এ নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। মন্ত্রীর কাছে অনুরোধ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দফতরের তরফ থেকে একটি দল জয়নগরে পাঠানো হোক। এই গোটা বিষয়টির তদন্ত করে দেখা হোক। কেবলমাত্র তদন্তই নয়, ওই পরিবারের পাশে থাকার অনুরোধও করেছেন সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, দুষ্কৃতী তাণ্ডবে অতিষ্ঠ জয়নগরের বাসিন্দারা। ৬ অক্টোবর তিনি জয়নগর গিয়েছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তাঁরা বলছেন স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ধ্যার পর থেকে আতঙ্ক বাড়ছে। কারণ এলাকায় অসামাজিক লোকজন ঘুরছে। এলাকার নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার।
