শনিবার কলকাতায় বৈঠকে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী

0
22
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রের নজর দিতে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টর। বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মনোজ আগরওয়ালের পাশাপাশি বিদ্যুৎ দফতর, বণ্টন সংস্থাটির শীর্ষ কর্তাদের উপস্থিত থাকার কথা।

সেই বৈঠকেই সৌর বিদ্যুতের ভর্তুকি সহ বিভিন্ন প্রকল্প ও কেন্দ্রের অনুদানের বিষয়গুলি আলোচনা হবে বলে প্রশাসনিক সূত্রের খবর। এদিকে, কেন্দ্র-রাজ্যের সংঘাতের জের দীর্ঘদিন ধরেই পড়েছে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ ক্ষেত্রের উপরে। বিশেষ করে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার এলাকায়। তাদের গ্রাহকদেরও নানা সুবিধা থেকে বঞ্চিত হতে হয়েছে। যেমন দু’বছর আগে কেন্দ্র , পিএম সূর্যঘর ভর্তুকি প্রকল্প গৃহস্থ গ্রাহকদের জন্য চালু করলেও এ রাজ্যে সরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থাটির এলাকায় তা পরোক্ষে চালু হতে দেয়নি তৎকালীন রাজ্য সরকার। অথচ সিইএসসি-র গ্রাহকদের ক্ষেত্রে এই প্রকল্পে তারা কোনও আপত্তি তোলেনি। ফলে সিইএসসি-র গ্রাহকেরা বাড়ির ছাদে কেন্দ্রীয় ভর্তুকি নিয়ে এই সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে বিদ্যুৎ বিলের বোঝা কমাতে পারলেও ডব্লিউবিএসইডিসিএল-এর গ্রাহক সেই সুবিধা পাননি।

আবার রাজ্যের এই সিদ্ধান্তের পাল্টা কেন্দ্র বণ্টন পরিকাঠামো উন্নয়নের বরাদ্দের নামমাত্র , ৪ হাজার কোটি টাকার মধ্যে ৭০০ কোটির মতো দিয়েছিল ডব্লিউবিএসইডিসিএল-কে। সব মিলিয়ে সংস্থাটির গ্রাহকদেরই বঞ্চিত হতে হয়েছে। শেষে ঠিক হয়, রাজ্য যদি কেন্দ্রীয় হারেই ভর্তুকি দিয়ে একই সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করে, তাহলে অন্তত পরিকাঠামো উন্নয়নের বরাদ্দ মিলবে। তখন ৫০ কোটি টাকার বিশেষ রাজ্যের তহবিল থেকে গত বছরের শেষে চালু হয় আলোশ্রী প্রকল্পটি। তাতে চারশো-রও বেশি গ্রাহক সেই ভর্তুকি পেয়েছেন।