
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। সাত দিনের সফরে দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আগামী ২১ মার্চ তিনি রওনা দেবেন। বুধবার দুপুরে এই সফরে অনুমতি দেওয়ার কথা কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছে।লন্ডনে সাত দিনে ঠাসা কর্মসূচি রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে ছাত্রছাত্রী এবং গবেষকদের সামনে ভাষণ দেবেন তিনি। সংস্কৃতি, ইতিহাস থেকে শুরু করে পর্যটন,নানা ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উন্নয়ন, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পের কথা অক্সফোর্ডে তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।লন্ডনে একটি শিল্পবৈঠকেও যোগ দেবেন। রাজ্য প্রশাসন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে শিল্পের অনুকূল পরিবেশ, শিল্প নিয়ে সরকারের নীতি বৈঠকে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। শিল্পপতি এবং বাণিজ্য প্রতিনিধিদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিষয়ে আগ্রহী করে তোলাই তাঁর উদ্দেশ্য। লন্ডন সফরের মূল লক্ষ্যও এই বিনিয়োগ। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পশ্চিমবঙ্গের ব্যবসাবান্ধব নীতিগুলোর উপর জোর দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ মার্চ তিনি কলকাতায় ফিরবেন। উল্লেখ্য এই ধরনের বিদেশ সফরের ক্ষেত্রে সাধারণত কেন্দ্রের অনুমতির প্রয়োজন হয়। বুধবার দিল্লি থেকে সেই সবুজ সঙ্কেতই এসেছে। এর আগে বাংলায় শিল্প বিনিয়োগ আনতে তিনি ২০২৩ সালের স্পেন সফরে গিয়েছিলেন। শিল্পবৈঠক করেছিলেন দুবাইয়েও।
তবে শুধু বিনিয়োগ আনাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের লন্ডন সফরে প্রাধান্য পেতে চলেছে পশ্চিমবঙ্গের সঙ্গে ব্রিটেনের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পর্ক। এই সম্পর্ককে আরও দৃঢ় করা মুখ্যমন্ত্রীর অন্যতম উদ্দেশ্য।
