
দার্জিলিংয়ের সেবক থেকে ৭১৭ এ জাতীয় সড়কের কিছু অংশকে প্রশস্ত করে দুই লেন-বিশিষ্ট করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। এর জন্য প্রায় ৭৭০ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী নিতীন গডকরী।
লাভা মোড় থেকে পেডং বাইপাস পর্যন্ত ১৮ দশমিক চার দুই কিলোমিটার এবং রেশি থেকে রেনক পর্যন্ত ৫ দশমিক ২ কিলোমিটার রাস্তা চওড়া করা হবে। কেন্দ্রীয় সড়কমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বর্ষাকাল ১০ নম্বর জাতীয় সড়কে চলাচল বিঘ্নিত হলে এই পথটি বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে। বছরের যে কোনও মরসুমে ওই বিকল্প সড়কটিতে যান চলাচল করতে পারবে। এর ফলে ওই অঞ্চলের পর্যটক এবং আর্থ-সামাজিক উন্নয়নে আরও গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী।
দার্জিলিংয়ের জেলার করোনেশন সেতু বা বাঘপুল থেকে সিকিমের গ্যাংটক পর্যন্ত যোগাযোগের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়কে টানা বৃষ্টির সময়ে বিভিন্ন জায়গায় ধসের কবলে চলে যায়। এই পরিস্থিতিতে গরুবাথান, রিশপ হয়ে সিকিম যাওয়ার রাস্তা আরও প্রশস্ত হলে বর্ষার মরসুমে পাহাড়ি রাজ্যের সঙ্গে সমতলের যোগাযোগ আরও উন্নত হবে।








