
দেশবিরোধী বা জঙ্গিযোগ থাকলে স্বেচ্ছাসেবী সংস্থার বিদেশি অনুদান সংগ্রহের ছাড়পত্র বাতিল করে দেওয়া হবে। এমনই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে, কেন্দ্রের সবুজ সঙ্কেত ছাড়া স্বেচ্ছাসেবী সংস্থাগুলির বিদেশ থেকে পুঁজি সংগ্রহ করতে পারে না। এর জন্য বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন, ২০১০-এর আওতায় ছাড়পত্রের প্রয়োজন হয়। কোনও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে দেশবিরোধী সংগঠনের যোগ পাওয়া গেলে, ওই সংস্থার বিদেশ থেকে অনুদান সংগ্রহের ছাড়পত্র বাতিল করে দেওয়া হবে। কোনও জঙ্গি গোষ্ঠীর যোগ পাওয়া গেলেও একই নিয়ম কার্যকর হবে। যদি দেখা যায় কোনও স্বেচ্ছাসেবী সংস্থা বিদেশি অনুদানকে দেশের উন্নতিতে বাধা দেওয়ার কাজে কিংবা বিদ্বেষমূলক কোনও প্রতিবাদের জন্য ব্যবহার করছে, তাহলেও বিদেশ থেকে অর্থ সংগ্রহের অনুমতি বাতিল করে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, সম্প্রতি কিছু সংগঠন অনুমতি না পাওয়ার কারণ জানতে চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।
কী কারণে ছাড়পত্র পুনর্নবীকরণের আবেদন কিংবা রেজিস্ট্রেশন-এর আবেদন বাতিল হতে পারে সেগুলি একত্রিত আকারে তুলে ধরেছে কেন্দ্র।








