
আইনসভায় পাশ হওয়া বিল নিয়ে রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত গ্রহণের জন্য সুপ্রিম কোর্ট তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছে শনিবার। শীর্ষ আদালতের রায়ে তামিলনাড়ু বিধানসভায় দু’বার পাশ হওয়া ১০টি বিল রাষ্ট্রপতি বা রাজ্যপালের অনুমোদন ছাড়াই কার্যকরও হয়ে গিয়েছে।
কিন্তু দেশের রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দেওয়ার সেই রায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সহমত নয় বলেই খবর।সূত্রের দাবি,দু’ বিচারপতির বেঞ্চের ওই রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতিও চলছে পুরোদমে। এর আগে,বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ তামিলনাড়ুর ওই মামলায় ৮ এপ্রিলের রায়ে জানিয়েছিল,বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপাল ফেরত পাঠানোর পরে আবার তা বিধানসভায় পাশ হলে সাংবিধানিক ভাবে রাজ্যপাল তাতে সম্মতি দিতে বাধ্য। তিনি তা রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠাতে পারবেন না।এ ক্ষেত্রে রাষ্ট্রপতি কোনও পদক্ষেপ করলেও তার সাংবিধানিক বৈধতা থাকবে না।
দুই বিচারপতির বেঞ্চ বলে, সংবিধানের ২০১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে জানাতে হবে তিনি বিলে অনুমোদন দিয়েছেন না কি দিচ্ছেন না। কারণ না দেখিয়ে রাজ্যপালের মতো রাষ্ট্রপতিও অনির্দিষ্ট সময় ধরে বিল ফেলে রাখলে আদালত তার পর্যালোচনা করবে বলেও জানায় শীর্ষ আদালত।
