
২৪ আকবর রোডে অবস্থিত বিগত প্রায় পাঁচ দশকের কংগ্রেসের সর্বভারতীয় সদর দফতর শনিবারের মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। বুধবার সকালে এই নোটিস পাঠানো হয়।
খালি করতে বলা হয়েছে ৫ নম্বর রাইসিনা রোডে অবস্থিত ভারতীয় যুব কংগ্রেসের অফিসও। দিল্লি প্রশাসনের এই নোটিস ঘিরে সরগরম রাজধানী। দীর্ঘদিন ধরে কংগ্রেসের সাংগঠনিক কার্যকলাপ হয় ২৪ আকবর রোডের অফিস থেকে। গত বছর ৯এ কোটলা মার্গে ইন্দিরা ভবন নামে নতুন অফিসের উদ্বোধন হলেও ২৪ আকবর রোডের অফিস ছিল কংগ্রেসেরই।
এই অফিস দেখেছে রাজীব গান্ধীর জমানা। দেখেছে পিভি নরসীমা রাও, মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে। কংগ্রেস নেতা ও সাংসদ অভিষেক মনুসিংঘভি অভিযোগ করেছেন, যে পদ্ধতিতে উচ্ছেদের নোটিস পাঠানো হয়েছে, তা বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত।





