
ক্ষমতায় এসেই পশ্চিমবঙ্গ-সহ রাজ্যগুলিকে করের টাকার অতিরিক্ত কিস্তি দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। জুন মাসের করের টাকায় অনুমোদন দিয়েছে কেন্দ্র।
পাশাপাশি, অতিরিক্ত কিস্তির টাকাও দেওয়া হচ্ছে। গোটা দেশে ভাগ করে দেওয়া হয়েছে এক লাখ ৩৯ হাজার ৭৫০ কোটি টাকা। তারমধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ১০ হাজার ৫১৩.৪৬ কোটি টাকা। সবথেকে বেশি পেয়েছে উত্তরপ্রদেশ।আয়কর-সহ অন্যান্য খাতে রাজ্যগুলি থেকে কেন্দ্র যা সংগ্রহ করে, তার একটি অংশ রাজ্যগুলিকে দেওয়া হয়। প্রতি মাসের ১০ তারিখের আশপাশে এই টাকা দেয় কেন্দ্র। এবার রাজ্যগুলিকে এই ডেভোলিউশন বাবদ অতিরিক্ত কিছু টাকাও দেওয়া হয়েছে। কর কাঠামোর টাকার কত অংশ রাজ্য পাবে, তা ঠিক করার অনেকগুলি মানদণ্ড রয়েছে। যার মধ্যে অন্যতম সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যা। সেই হিসাবেই সব থেকে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। তাদের ২৫ হাজার ৬৯.৮৮ কোটি টাকা দেওয়া হয়েছে। তারপরে রয়েছে বিহার। তারা পেয়েছে ১৪ হাজার ৫৬.১২ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। তারা পেয়েছে ১০ হাজার ৯৭০.৪৪ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।রাজ্যগুলিতে উন্নয়নের জন্য এই টাকা দেওয়া হয়।








