
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কেটে গিয়েছে ২ মাস। তার ক্ষত এখনও তাজা। এরই মধ্যে প্রয়াত অভিনেতার স্মৃতিতে ইস্টবেঙ্গল মাঠে আয়োজন করা হয়েছে বিশেষ ম্যাচের। কট্টর লাল-হলুদপ্রেমী বলেই পরিচিত ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
যে দলের দ্বাদশ খেলোয়াড় রাহুল। পরিচালক বাপ্পার উদ্যোগে আগামী ১৫ জুন ইস্টবেঙ্গল ক্লাব মাঠে আয়োজিত হতে চলেছে একটি বিশেষ ট্রিবিউট এগ্জ়িবিশন ম্যাচ। বাঙালির ফুটবল আবেগে গ্যালারি আর সিনেমার মেলবন্ধন ঘটিয়ে এই বিশেষ অনুষ্ঠান। নাম দেওয়া হয়েছে, লাল-হলুদ গ্যালারির ছবিওয়ালা। গ্যালারিতে রাহুলের সেই চেনা মশাল, জয়ধ্বনি আর ফুটবল নিয়ে উন্মাদনা। সেই উন্মাদনায় এ বার শামিল হবে টলিউডও। প্রিয় সমর্থককে মাঠ থেকেই পরম শ্রদ্ধা জানাতে সবুজ গালিচায় নামছেন একঝাঁক প্রাক্তন তারকা লাল-হলুদ ফুটবলাররা। এই বিশেষ ম্যাচে খেলতে দেখা যাবে অ্যালভিটো ডি’কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, রহিম নবী, অসীম বিশ্বাস, অর্ণব মণ্ডল, সৌমিক দে, মহম্মদ রফিক-সহ ইস্টবেঙ্গলের বহু প্রাক্তনীকে। উল্লেখ্য, কিছুদিন পরেই মুক্তি পাবে রাহুলের ছবি ছবিওয়ালা।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও অভিনয় করেছেন দেবলীনা দত্ত, শান্তনু নাথ, রিমি দেব, রানা বসু ঠাকুর সহ অন্যান্যরা। সঙ্গীত পরিচালনায় সৌম্যরিত।গেয়েছেন রূপম ইসলাম, সোমলতা আচার্য এবং জোজো।
