
ভোটার তালিকায় নাম না থাকলে সরাসরি বিএলও-কে চ্যালেঞ্জ করার নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের ইলামবাজারের সরকারি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, ভোটার তালিকা থেকে আসল নাগরিকের নাম যেন বাদ না যায়।
তাঁর সতর্কবার্তা, সকল নাগরিক ভোটার তালিকায় নিজের নিজের নাম তুলবেন। আর যদি নাম বাদ যায়, তাহলে প্রতিবাদ করতে হবে। একইসঙ্গে নাম বাদ গেলে বিএলও-কে জানাতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, অসমেও এনআরসি হয়েছে, পশ্চিমবঙ্গেও ওরা চেষ্টা করছে। কিন্তু প্রাণ থাকতে আমরা এনআরসি হতে দেওয়া হবে না, রুখে দেবেন। কারও নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে প্রতিবাদ করবেন, বিএলও-কে বলবেন। যেসব সংখ্যালঘুরা বাইরে কাজ করেন, তাঁরাও নাম তুলুন।
মঞ্চে উপস্থিত সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল, কাজল শেখ-সহ দলীয় নেতৃত্বের উদ্দেশে মমতা বন্দোপাধ্যায়ের বার্তা, রাজনৈতিক স্তরে না হলেও নিজের এলাকায় নাগরিকদের নিয়ে, বিশিষ্টদের নিয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
