
১৫ মার্চ নয়, ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা, দিনক্ষণ নিশ্চিত করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। জানা যাচ্ছে, ১৩ তারিখ রাতেই কলকাতায় পা রাখবেন প্রধানমন্ত্রী।
১৪ তারিখ, শনিবার ব্রিগেডে জনসভা থেকে বিধানসভা ভোটের হাইভোল্টেজ প্রচার কর্মসূচি সেরে ওইদিনই দিল্লি ফিরে যাবেন। এদিকে আগামী সপ্তাহেই হয়ত রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। মাস পেরলেই পুরোদমে ভোট পশ্চিমবঙ্গে। তার আগে এখন থেকেই রাজনৈতিক প্রচারের পারদ চড়ছে যুযুধান পক্ষের শিবিরে। তারই একটা পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় বইয়ে দিতে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা।
আসলে পশ্চিমবঙ্গ রাজনীতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের গুরুত্ব আলাদা। এর আগে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে প্রচারের জন্য ৭ মার্চ ব্রিগেডে জনসভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার পাঁচ বছর পর আরেক বিধানসভা ভোট। তার আগে পশ্চিমবঙ্গে নিজস্ব সংগঠন নিয়ে এবার বি জে পি বিভিন্ন প্রান্ত থেকে পরিবর্তন যাত্রার নামে রথযাত্রা বের করেছে। সেই রথযাত্রার সমাপ্তি হওয়ার কথা ব্রিগেডে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার মাধ্যমে।









