
দফায় দফায় হাতাহাতি ও মারামারির মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব হয়েছেন জাহিদ আহসান। তবে আত্মপ্রকাশের আগে এবং পরে কমিটিতে রিফাত রশিদকে রাখা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। ছাত্রসংগঠনটির সদস্যসচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন। মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আবদুল কাদের এবং সদস্যসচিব হলেন মহির আলম। মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলাম ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।
প্রাক্তন সমন্বয়করা জানান, নতুন ছাত্রসংগঠনের নীতি হবে স্টুডেন্টস ফার্স্ট ও বাংলাদেশ ফার্স্ট। ছাত্র-নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন তারা। নতুন ছাত্রসংগঠন কারো লেজুড়বৃত্তি করবে না। কোনো মাদার পার্টি’র এজেন্ডা বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্বে নির্বাচন করা হবে।
