
৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা। তবে এ বার পুণ্যার্থীদের নিয়ে অনেক বেশি সতর্ক উত্তরাখণ্ড প্রশাসন। এবারে মন্দির পরিসরের ৩০ মিটারের মধ্যে কোনও মোবাইল, ক্যামেরা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে । শুধু তাই নয় , কেদারনাথ-বদ্রীনাথ পাণ্ডা সমিতি জানিয়েছেন, যাঁরা ভিডিও রিল বানান, ভ্লগ করেন এমন ব্যক্তিদের মন্দির পরিসরে ঢুকতে দেওয়া হবে না।
যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ভিডিও রিল বা ভ্লগ করেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে । গত বছর ভিডিও রিল বানানো এবং ভ্লগারদের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। ৩০ এপ্রিলই গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধামের দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে। ২ মে খুলে দেওযা হবে কেদারনাথের ধামের দরজ। বদ্রীনাথ ধামের দরজা পুণ্যার্থীদের জন্য খুলবে ৪ মে।








