চ্যাটজিপিটি-৪.৫: আবেগ, আরও বাস্তবসম্মত উত্তর

0
164
ছবি সৌজন্যে : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি ওপেনএআই তাদের নতুন মডেল জিপিটি-৪.৫ লঞ্চ করেছে।প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এটি তাদের সবচেয়ে বড় ও শক্তিশালী মডেল। আগের মডেলগুলোর তুলনায় এটি আরও ভালোভাবে আবেগ বুঝতে পারে এবং সংবেদনশীলভাবে উত্তর দিতে সক্ষম। সোশ্যাল মিডিয়া এক্সে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেছেন, জিপিটি-৪.৫-এর সঙ্গে কথা বললে মনে হবে যেন একজন চিন্তাশীল মানুষের সঙ্গে কথা বলছেন।তিনি আরও বলেছেন, এটি এমন একটি মডেল, যা চমকিত করেছে এবং সত্যিকারের ভালো পরামর্শ দিয়েছে।

তিনি জানিয়েছেন,এই মডেলটি আরও বড় এবং ব্যয়বহুল হবে। প্রতিষ্ঠানটি একই সঙ্গে পেড সাবস্ক্রিপশন স্তর,প্লাস ও প্রো চালু করতে চাইলেও পর্যাপ্ত জিপিইউ না থাকায় তা সম্ভব হয়নি।তবে পরবর্তী সপ্তাহে আরও হাজার হাজার জিপিইউ অ্যাড করার পরিকল্পনা রয়েছে এবং প্রথমে প্লাস ইউজারদের জন্য এটি লঞ্চ করা হবে।এদিকে সিলিকন ভ্যালিতে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলোর উন্নয়ন নিয়ে নানা মতপার্থক্য রয়েছে। তবে জিপিটি-৪.৫ প্রমাণ করেছে যে, বেশি ডেটা ও কম্পিউটেশনাল শক্তি ব্যবহার করলে মডেল আরও উন্নত হয়।

এক নিউজলেটারে ওপেনএআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন জানিয়েছেন, মডেলটি আরও বড় এবং বেশি ডেটা ব্যবহারের পরও এর পারফরম্যান্স কমেনি।জিপিটি-৪.৫ মডেলটি গবেষণা প্রিভিউ হিসেবে লঞ্চ করা হয়েছে। এটি প্রথমে চ্যাটজিপিটি প্রো সাবস্ক্রাইবার ও এপিআই ডেভেলপাররা ব্যবহার করতে পারবে। পরবর্তী সময়ে প্লাস, টিম ও ইডিইউ ইউজারদের জন্য চালু করার পরিকল্পনা রয়েছে।ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৪.৫ পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় আরও বেশি সঠিক এবং এতে ভুল তথ্য তৈরির প্রবণতা অনেক কম।