
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ব্যবহার করেন কোটি কোটি মানুষ। কিন্তু হঠাৎ করেই সেই সার্ভিসের বিরুদ্ধে বড় ধরনের প্রতিবাদ শুরু হয়েছে। একটি ওয়েবসাইটের দাবি, ২৫ লাখের বেশি ইউজার সার্ভিস ছাড়ার অঙ্গীকার করেছেন।
কারণ, প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে একটি চুক্তি করেছে।উল্লেখ্য,ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি’র ইউজার সংখ্যা ৯০ কোটির বেশি। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি পেন্টাগনের সঙ্গে চুক্তি সই করে। এর ফলে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর তাদের গোপন নেটওয়ার্কে,ক্লাসিফায়েড নেটওয়ার্ক, অর্থাৎ নিরাপত্তাজনিত গোপন সিস্টেম, এই এআই মডেল ব্যবহার করতে পারবে।এ নিয়ে একটি ওয়েবসাইট মানুষকে চ্যাটজিপিটি বয়কট করার আহ্বান জানায়। তারা দাবি করে, ২৫ লাখের বেশি মানুষ ইতিমধ্যে সার্ভিস ছেড়েছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার সংখ্যা ও অ্যাপ ব্যবহারের তথ্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। ওয়েবসাইটটি জানায়, তারা আমেরিকা ও বিশ্বের মানুষকে একত্র করে প্রতিবাদ গড়ে তুলছে।এই বিতর্কের মধ্যে সেন্সর টাওয়ারের বিশ্লেষণে দেখা যায়, অ্যানথ্রপিকের তৈরি,ক্লড চ্যাটবট অ্যাপল অ্যাপ স্টোরে শীর্ষে উঠে গেছে।বলা হচ্ছে, একদিনে চ্যাটজিপিটি মোবাইল অ্যাপ আনইনস্টল ২৯৫ শতাংশ বেড়েছে।
সমালোচনার মুখে ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান স্বীকার করেছেন, চুক্তিটি দ্রুত করা ঠিক হয়নি। তিনি বলেছেন, বিষয়টি জটিল ছিল এবং পরিষ্কারভাবে ব্যাখ্যা করা প্রয়োজন ছিল।









