
নিরাপত্তা লঙ্ঘনের ফলে চ্যাটজিপিটি ইউজারদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে নিশ্চিত করেছে ওপেনএআই। ৯ নভেম্বর আক্রমণকারীরা ওপেনএআইয়ের থার্ড পার্টির ডেটা অ্যানালিটিক্স সার্ভিস প্রোভাইডার মিক্সপ্যানেলের সিস্টেমে অননুমোদিত প্রবেশাধিকার পাওয়ার পর এ ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।
চুরি হওয়া তথ্যের মধ্যে ইউজারদের নাম, ইমেইল ঠিকানা,লোকেশন ডেটা, তারা কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন এবং কোন ব্রাউজারে কাজ করেন এসব সংবেদনশীল তথ্য রয়েছে।ওপেনএআই বলেছে, এই সাইবার আক্রমণে কেবল সেই ইউজাররাই প্রভাবিত হয়েছেন যাদের অ্যাকাউন্ট ওপেনএআইয়ের এপিআই ইন্টারফেইসে প্রবেশের জন্য ব্যবহার করা হয়।এক ব্লগ পোস্টে কোম্পানিটি লিখেছে, এটি ওপেনএআইয়ের নিজস্ব সিস্টেমে কোনো ধরনের অনুপ্রবেশ নয়। ইউজারদের কোনো চ্যাটিং, এপিআই রিকোয়েস্ট, এপিআই ব্যবহারের তথ্য, পাসওয়ার্ড, কোনো ধরনের ক্রেডেনশিয়াল, এপিআই কি, পেমেন্ট তথ্য বা সরকারি পরিচয়পত্র ফাঁস হয়নি বা প্রকাশিত হয়নি বলেও নিশ্চিত করেছে তারা।
ওপেনএআই বলছে, এই ঘটনাকে কেন্দ্র করে তারা একটি নিরাপত্তা তদন্ত শুরু করেছে এবং সরাসরি কোর ব্যবস্থার সঙ্গে যুক্ত অংশ থেকে মিক্সপ্যানেলকে সরিয়ে দিয়েছে। এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি যে চুরি হওয়া তথ্য কেউ অপব্যবহার করেছে।
