
ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তেজনাপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। অপর ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে অ্যাস্টন ভিলা। এই দুই দলের জয়ে বদলে গেছে ইংলিশ দলগুলোর চ্যাম্পিয়নস লিগের হিসাব।
স্ট্যামফোর্ড ব্রিজে সফরকারী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রথমার্ধে গোল না পাওয়ায় ষষ্ঠ স্থানে নেমে যাওয়ার আশঙ্কায় পড়ে চেলসি।তবে ম্যাচের ৭১ মিনিটে মার্ক কুকুরেয়ার হেডে বল জালে জড়ালে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের পরবর্তী সিজনের টিকিট প্রায় নিশ্চিত করে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ব্লুজরা।চেলসির সামনে এখন সহজ সমীকরণ, লিগের শেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয় পেলেই চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত। তবে ফরেস্টের সামনেও আছে ইউরোপের সেরাদের মঞ্চে খেলার সুযোগ।
ফলে চেলসি-ফরেস্ট ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারেন ফ্যানরা।ম্যাচ শেষে চেলসি খেলোয়াড় কুকুরেয়া বলেছেন, ধাপে ধাপে তাঁরা দারুণ কিছু গড়ে তুলছেন। এখন মাত্র দুটি ম্যাচ বাকি, তাঁরা একসঙ্গে অসাধারণ কিছু করতে পারেন। সবচেয়ে বড় কথা,এখন সবকিছু তাঁদের হাতেই।









