
২০২৪ অর্থবছর শেষে দলবদল ফি বিবেচনায় চেলসির স্কোয়াডই ইউরোপে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল বলে জানিয়েছে উয়েফার নতুন রিপোর্ট। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ইউরোপিয়ান ক্লাব ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ-এর রিপোর্টে জানানো হয়েছে, দলবদল খরচে সব মিলিয়ে ১৬৫ কোটি ৬০ লাখ ইউরো খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।দল গড়তে চেলসির এই খরচ ছাপিয়ে গেছে ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ১৪২ কোটি ইউরোর স্কোয়াডকে।
পেছনে পড়েছে ২০২০ সালে রিয়াল মাদ্রিদের ১৩৩ কোটি ইউরোর স্কোয়াডও।উল্লেখ্য,২০২২ সালে মার্কিন ধনকুবের টড বোয়েলি ও ক্লিয়ারলেক ক্যাপিটাল চেলসি কিনে নেওয়ার পর ক্লাবটিতে এ পর্যন্ত ৪১ খেলোয়াড়কে সই করানো হয়েছে। কিন্তু মাঠে তাঁরা সাফল্য পাচ্ছে না। গত সিজনে ছয়ে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে চেলসি। এবার ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আছে পাঁচে। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পিছিয়ে আছে ২১ পয়েন্ট ব্যবধানে। ২৮ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
ইউরোপের শীর্ষ লিগগুলোকে বিশ্লেষণ করে এ রিপোর্ট তৈরি করেছে উয়েফা। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে সর্বোচ্চ রাজস্ব আয় করেছে রিয়াল মাদ্রিদ ১০৭ কোটি ৩০ লাখ ইউরো। ৮৫ কোটি ৪০ লাখ ইউরো আয় করে দ্বিতীয় ম্যানচেস্টার সিটি, পিএসজি ৮০ কোটি ৮ লাখ ইউরো আয় করে তৃতীয়। ৭৭ কোটি ১০ লাখ ইউরো আয় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখের আয় ৭৬ কোটি ৫০ লাখ ইউরো।









