
ছাবা’র পয়লা ঝলক মুক্তি পেতেই শোরগোল,আগামী ১৪ ফেব্রুয়ারি রিলিজ,তার প্রাক্কালেই বিপাকে পড়ল সিনেমার টিম। ট্রেলারে শিবাজিপুত্র সম্ভাজির নাচগান করার দৃশ্য দেখে রেগে আগুন মহারাষ্ট্রের মন্ত্রী উদয় সামন্ত।
অতঃপর তোপ দাগতেও পিছপা হন নি। তাঁর হুঁশিয়ারি,এক্ষুণি সিনেমা থেকে নাচগানের দৃশ্য বাদ দিতে হবে নইলে মুক্তি আটকে দেবেন।সম্প্রতি সেই একই দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে সরব হয়েছিলেন শিবাজির বংশধর তথা প্রাক্তন মারাঠা সাংসদ সম্ভাজিরাজে। ট্রেলারে দেখা গিয়েছে মারাঠাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র লেজিমের তালে ছত্রপতি সম্ভাজি রূপে ভিকি কৌশল এবং তাঁর স্ত্রী যেশুবাঈয়ের অবতারে রশ্মিকা মন্দানাকে নাচ করতে। সেই দৃশ্যে সম্ভাজি-যেশুবাঈয়ের রসায়নও ক্যামেরায় ধরা পড়েছে। আর সেটা দেখেই গেল গেল রব তুলেছেন মহারাষ্ট্রের মন্ত্রী উদয় সামন্ত।তাঁর অভিযোগ, এই সিনেমায় ইতিহাস বিকৃত করা হয়েছে। অবিলম্বে শম্ভাজি এবং যেশুবাঈয়ের নাচগানের দৃশ্য ছেঁটে ফেলার পক্ষে সওয়ালও করে হুঁশিয়ারিও দেগেছেন তিনি। মহারাষ্ট্রের মন্ত্রী এক হ্যান্ডেলে লিখেছেন, সাম্রাজ্যের রক্ষক, ধর্মের রক্ষক, ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে একটি হিন্দি সিনেমা তৈরি হচ্ছে, এটি নিঃসন্দেহে আনন্দের বিষয়।ছত্রপতির গৌরবময় আখ্যান গোটা বিশ্বের কাছে তুলে ধরার জন্য এই ধরনের প্রচেষ্টা প্রয়োজন। তবে অনেকেই বলছেন, যে এই ছবিতে কিছু আপত্তিকর দৃশ্য রয়েছে। তাঁরা চান ঐতিহাসিকদের না দেখিয়ে এই ছবিটি রিলিজ করা উচিত নয়।কারণ ছত্রপতির মর্যাদায় কোনও আঘাত কিন্তু মারাঠারা সহ্য করবে না।অন্যদিকে সম্প্রতি আপত্তি তুলে শিবাজির বংশধর সম্ভাজিরাজে ছাবা সিনেমার নির্মাতাদের পরামর্শ দিয়েছেন,মুক্তির আগে ছবিটি একবার প্রথম সারির ঐতিহাসিকদের দেখিয়ে নিলে ভালো হয়।কারণ ঐতিহাসিক কোনও তথ্য বিকৃত হলে বা ভুল থাকলে,ছাবা প্রদর্শিত হবে না।তাঁর কথায় এই ধরনের ছবি দেখতে দর্শকরাও পছন্দ করেন। তাঁদের কাছেও তা হলে ভুল বার্তা যাবে না।সম্ভাজিরাজে যদিও বড়পর্দায় নাটকীয়তা ফুটিয়ে তোলার কথা মনে করিয়ে দিয়েছেন, তবে ঐতিহাসিত তথ্য বিকৃতিতে নারাজ তিনি।এদিকে সম্প্রতি জয় ভবানী ধ্বনিতে ছাবা’র ট্রেলার প্রকাশ্যে নিয়ে এসেছিন ভিকি কৌশল। সেখানেই দেখা গিয়েছে সম্ভাজির সেই তেজ।
যেখানে একা হাতে তাঁকে শত্রুদমন করতে দেখা গিয়েছে। এই সিনেমার জন্য ২৫ কিলো ওজন বাড়িয়ে তিনি যে কসরত করেছিলেন,তা যে বড়পর্দায় বিফলে যাবে না, তার ইঙ্গিত মিলেছে পয়লা ঝলকেই।







