
ওড়িশা-ছত্তীসগঢ় সীমানায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াইয়ে নিহত হয়েছেন ১৪ মাওবাদী। তাঁদের মধ্য়ে এক জনের মাথার দাম ছিল ১ কোটি টাকা।
পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে নিহত হয়েছেন জয়রাম ওরফে চালাপাতি। তিনি মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সিআরপিএফ এবং পুলিশের যৌথবাহনী সোমবার ওড়িশার নওপাড়া এবং ছত্তীসগঢ়ের গরিয়াবন্দের সীমানায় মাওবাদীদের জড়ো হওয়ার খবর পেয়ে গোপন সূত্রে অভিযানে যায়। সোমবার রাতে তল্লাশি অভিযানের সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন মাওবাদীরা। তাঁদের ঘিরে ফেলে পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। রাতভর দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। তাতেই মৃত্যু হয়েছে ১৪ জন মাওবাদী। ওই সীমানা এলাকায় জঙ্গলে মাওবাদীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এই অভিযানকে মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক্স পোস্টে লিখেছেন, নিরাপত্তাবাহিনী মাওবাদীমুক্ত ভারত গড়তে আরও একটা বড় সাফল্য পেয়েছে।
