
আবারও মাওবাদীদের আত্মসমর্পণ নীতিতে পরিবর্তন আনতে চলেছে ছত্তিশগঢ় সরকার। নতুন আত্মসমর্পণ নীতিতে মাওবাদী সংগঠনের রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয কমিটি এবং পলিটব্যুরোর সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। যাঁরা লাইট মেশিনগান সহ আত্মসমর্পণ করবেন, তারা পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কারও পাবেন।
যে সব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের ৮০ শতাংশ সদস্য এক সঙ্গে আত্মসমর্পণ করবেন, সেখানে পুরস্কার দ্বিগুণ করা হবে। পাশাপাশি, আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । যার মধ্যে রয়েছে সন্তানদের শিক্ষা এবং চাকরির সহায়তা। মাওবাদীদের ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করলে সাধারণ নাগরিকেরা ১০ লক্ষ টাকা পাবেন।
মাওবাদীদের হামলায় নিহতদের জন্য ১৫ থেকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার কথাও বলা হয়েছে । শুধু তাই নয় , নিরাপত্তাকর্মীদের জন্যও পুরস্কার হিসাবে নগদ পাঁচ লক্ষ টাকা অথবা সংশ্লিষ্ট মাওবাদীর মাথার দামের ১০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে ।
