
হায়দরাবাদের স্টার্ট আপে কর্মচারী হিসাবে যোগ দিয়েছে একটি সারমেয় বা কুকুর। তা-ও যেমন তেমন কর্মচারী নয়,একেবারে অন্যতম শীর্ষপদে! খুদে ওই গোল্ডেন রিট্রিভারের নাম,ডেনভার। হায়দরাবাদের একটি সংস্থায় চিফ হ্যাপিনেস অফিসার পদে যোগ দিয়েছে সে। ডেনভারের সংস্থায় যোগ দেওয়ার খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রাহুল আরেপাকা।তার পর থেকে কুকুরছানাটির কীর্তিকলাপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
মন ভাল করা খবর শুনে সেই পোস্টের নীচে নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেট ইউজাররা। হায়দরাবাদের ওই সংস্থার নাম,হার্ভেস্টিং রোবোটিক্স। কৃষকদের জন্য স্থায়ী লেসার প্রযুক্তি তৈরির কাজ করে ওই সংস্থা। সম্প্রতি সেখানেই কর্মী হিসাবে যোগ দিয়েছে ওই গোল্ডেন রিট্রিভার। পেয়েছে চিফ হ্যাপিনেস অফিসার ,সিএইচও-র পদ। পোস্টে রাহুল লিখেছেন, আসুন, সকলকে নতুন সহকর্মী ডেনভারের সঙ্গে আলাপ করিয়ে দিই। উনি আমাদের সংস্থার সিএইচও।
উনি কোডিং করেন না, কোনও কিছুর পরোয়াও করেন না। উনি কেবল রোজ আসেন আর সকলের হৃদয় চুরি করে নেন। তবে ডেনভার সংস্থার সেরা সুযোগ-সুবিধা উপভোগ করে বলেও জানিয়েছেন রাহুল।মজার ছলে ডেনভারের নামে কর্মসংস্থান সংক্রান্ত সোশ্যাল মিডিয়া,লিঙ্কড্ইন-এ একটি প্রোফাইলও খোলা হয়েছে।কমেন্ট-বাক্সেও রাহুলের সঙ্গে মজা করতে দেখা গিয়েছে ,ডেনভার’কে।





