
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির উচ্চপর্যায়ের বৈঠকের পরই শিল্পক্ষেত্রে রাজ্যে বড়সড় বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশেষ সূত্রে খবর, বৈঠকে রাজ্যে পরিকাঠামো, বিদ্যুৎ ও বন্দর উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। সূত্র বলছে, এই প্রকল্পগুলিতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করতে পারে আদানি গোষ্ঠী। এর আগে টাটা গোষ্ঠীর শীর্ষ কর্তাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিনিয়োগের ইঙ্গিত দিয়েছিলেন। এবার গৌতম আদানির সঙ্গে এই বৈঠককে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে শিল্পমহলে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৈঠক অত্যন্ত সদর্থক ও ফলপ্রসূ। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ এবং সরকারের সক্রিয় ভূমিকা বিনিয়োগকারীদের আকর্ষিত করছে।
