সোমবার গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, তৎপরতা তুঙ্গে 

0
143
ছবি সৌজন্যে : নিজস্ব
শুক্রবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রস্তুতি ঘিরে শেষ মুহূর্তের তৎপরতা তুঙ্গে। দফায় দফায় প্রস্তুতি খতিয়ে দেখছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা।প্রশাসন সূত্রের খবর, সোমবার দুপুরে হেলিকপ্টারে গঙ্গাসাগরে আসবেন মুখ্যমন্ত্রী। পুজো দেবেন কপিলমুনির মন্দিরে। যাবেন ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্যালয়ে। কপিলমুনি মন্দিরের প্রধান পুরোহিত জ্ঞানদাস মোহন্তের সঙ্গেও তাঁর দেখা করার কথা রয়েছে। এছাড়া, গঙ্গাসাগর হেলিপ্যাড ময়দানের পাশে পুণ্যার্থীদের জন্য ১০০ শয্যার হস্টেল, পাথরপ্রতিমায় জেটি, বিভিন্ন স্কুলে অতিরিক্ত শ্রেণিকক্ষ, পথশ্রী প্রকল্পে কিছু রাস্তা, কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্র-সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ থেকে মুক্তি পাওয়া এ দেশের ৯৫ জন মৎস্যজীবী-সহ তাদের পরিবারের সঙ্গে দেখাও করবেন তিনি। সাগরে এসে জনস্বাস্থ্য কারিগরি দফতরের ভবন ঊর্মিমুখর-এ থাকবেন মুখ্যমন্ত্রী।
সেখানেই মেলার প্রস্তুতি বৈঠক করবেন। বিভিন্ন দফতরের মন্ত্রীরা ছাড়াও জেলা প্রশাসনের আধিকারিকের থাকবেন সেই আলোচনায়।