
টানা বৃষ্টি, বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে কার্যত জলের তলায় আরামবাগ, খানাকুল, ঘাটাল। রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার হুগলি, পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা ত্রাণ ঠিক মত পৌঁছছে কিনা।
বন্যা বিধ্বস্ত মানুষজন কি অবস্থায় রয়েছেন। সবটাই সরেজমিনে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে ৬ তারিখ ঝাড়গ্রামে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম ট্যুরিস্ট কমপ্লেক্সে থাকবেন তিনি। ৯ অগাস্ট পালিত হবে বিশ্ব আদিবাসী দিবস। সেই অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর ঝাড়গ্রাম সফর বলে খবর। ঝাড়গ্রাম জেলা প্রশাসন সূত্রে খবর ৭ থেকে ৯ অগাস্ট চারদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে অনুষ্ঠান হবে। এছাড়াও প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। এদিকে আরামবাগ থেকে ঘাটাল জলযন্ত্রণার ছবি সর্বত্র। অতিবৃষ্টি, ডিভিসির ছাড়া জলে আরামবাগে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জলের তলায় আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক। ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। আরও জল বাড়লে যান চলাচল বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। মুণ্ডেশ্বরী নদীর শাখা খালের জল উপচে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। জলের তলায় চাষের জমি। কার্যত একই ছবি ঘাটালে। সেখানকার ১৩টি ওয়ার্ড জলের তলায়। জলমগ্ন ৫টি পঞ্চায়েত এলাকা।
স্থগিত হয়ে গিয়েছে কয়েকটি স্কুলের পরীক্ষাও। স্থানীয়দের অভিযোগ একমাসের মধ্যে ৪ বার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালে। যাতায়াতের জন্য ভরসা শুধুই নৌকা।
