
বিজেপির বিভেদের অ্যাজেন্ডা সমস্ত সীমানা পার করে ফেলেছে। অসমে বিজেপি সরকারের বিরুদ্ধে বাঙালি হেনস্তার অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, যাঁরা মাতৃভাষাকে ভালোবাসেন, তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তাঁর আরও বার্তা, দেশে দ্বিতীয় সর্বাধিক কথাবলার ভাষা হচ্ছে বাংলা। অসমেও তাই। যাঁরা সমস্ত ভাষা ও ধর্মকে সম্মান করেন তাঁদের উপর শুধুমাত্র মাতৃভাষার জন্য হেনস্তা করা অসাংবিধানিক এবং বৈষম্যমূলক আচরণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ভাষার ভিত্তিতে মানুষকে দমন করার চেষ্টা করা হচ্ছে। তিনি লিখেছেন, সহাবস্থানের পক্ষপাতী নাগরিকদের ওপর যদি কেবল তাঁদের মাতৃভাষার জন্য অত্যাচার হয়, তা হলে তা সংবিধান পরিপন্থী। বিজেপির বিভাজনের রাজনীতি সীমা ছাড়িয়ে গেছে। কিন্তু মানুষও চুপ করে বসে থাকবে না। অসমের মানুষ নিজেদের ভাষা ও অধিকারের সম্মানে প্রতিবাদে রুখে দাঁড়াবে।
বাংলা ভাষাভাষীদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি পাশে আছেন তাঁদের, যাঁরা ভাষা, পরিচয় এবং গণতান্ত্রিক অধিকারের জন্য নির্ভীকভাবে লড়ছেন।
