
বিহার বিধানসভা নির্বাচনে জয়ের পর নতুন এনডিএ সরকার ২০ নভেম্বর শপথ নেবে। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে।
নীতীশ কুমার দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রেকর্ড করবেন বলেই রাজনৈতিক মহলের ধারণা।এদিকে বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগ দেওয়ার কথা রয়েছে।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদি বিধানসভা নির্বাচনের প্রচারে বহু রাজনৈতিক সমাবেশে ভাষণ দেন। সব ভাষণেই তিনি শপথ অনুষ্ঠানের সময় পাটনায় আসার কথা বলেন। এবার সেই কথা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী।এদিকে,বিহারে সরকার গঠনের বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের জন্য দিল্লিতে রয়েছেন জেডিইউ-এর কার্যকরী সভাপতি সঞ্জয় কুমার ঝা। তিনি নীতিশ কুমারের সঙ্গে দেখা করেছেন। সঞ্জয় কুমার ঝা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই নতুন সরকার গঠিত হবে। এনডিএ-র ইশতেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পূরণ করা হবে।উল্লেখ্য, ২৪৩টি আসনের বিহার বিধানসভায় এনডিএ জোট ২০২টি আসনে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
এর মধ্যে বিজেপি সর্বোচ্চ আসন পেয়েছে। তাঁদের আসন সংখ্যা ৮৯। জেডিইউ জিতেছে ৮৫ আসন। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের এলজেপি ১৯টি আসন জিতেছে। আরও ন’টি আসন জিতেছে ছোট শরিক হিন্দুস্তানি আওয়াম মোর্চা ,এইচএএম এবং রাষ্ট্রীয় লোক মোর্চা ,আরএলএম। আরজেডির নেতৃত্বাধীন মহাগটবন্ধন মাত্র ৩৫ আসন জিতেছে।
