
ফলতাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদোহের ধারায় মামলা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতার জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এসপিকে নির্দেশ দিয়েছেন ভিডিওতে যতজনকে দেখা গিয়েছে তারা যেন কেউ বাড়িতে না থাকে।
মঙ্গলবার জাহাঙ্গির খানের মুক্তির দাবিতে ফলতা তাঁর স্ত্রীর নেতৃত্বে পথ অবরোধ এবং ফলতা থানা ঘেরাও করে হামলার চেষ্টা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর লাঠি থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিচ্ছে পুষ্পা বাহিনীর লোকজন। ফলতায় জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন এই ধরণের গুণ্ডামি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। একজন মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে পলিশ এবং বাহিনীকে আক্রমণ করার চেষ্টা হয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন যত বড় মাফিয়া বা ডন হোক না কেন, রাজ্যের বিজেপি সরকার সবক শেখানোর কাজ করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করবে। এদিকে মঙ্গলবারের ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
এখনও পর্যন্ত ঘটনায় যুক্ত ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআর-র নাম রয়েছে জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা বিবির।
