
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে মাত্র দু’বছর আগে গড়ে ওঠা ফিল্মি সুপারস্টার বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম ১০৮টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে ২৩৪ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার বা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। অর্থাৎ, লক্ষ্যমাত্রা থেকে মাত্র ১০টি আসন দূরে থমকে গিয়েছেন বিজয়।
এই অবস্থায় তামিলনাড়ুতে সরকার গঠনের চাবিকাঠি এখন কংগ্রেস ও বামেদের হাতে। তথ্য অনুযায়ী, ফিল্মি সুপারস্টার বিজয় এখন জোট সরকার গঠনের লক্ষ্যে কংগ্রেস, বামপন্থী দল এবং অন্যান্য ছোট দলগুলির সঙ্গে আলোচনার রাস্তা প্রশস্ত করছেন।বলা হচ্ছে,বিজয় বর্তমানে বিরোধী ব্লকের সঙ্গে হাত মেলাতে আগ্রহী। তাঁর লক্ষ্য মূলত কংগ্রেস, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি বা ,ভি সি কে, সিপিআই এম, সিপিআই এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সমর্থন আদায়।
উল্লেখ্য, এই প্রতিটি দলই বর্তমানে এম. কে. স্ট্যালিনের নেতৃত্বাধীন সেকুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্স বা ডিএমকে জোটের শরিক। তথ্য বলছে, এবারের নির্বাচনে কংগ্রেস ৫টি আসন পেয়েছে। পাশাপাশি ভিকেওসি, সিপিআই, সিপিআই এম এবং আইইউএমএল প্রতিটি দল ২টি করে আসন পেয়েছে। যদি কংগ্রেস ও এই ছোট দলগুলি বিজয়ের টিভিকের পাশে দাঁড়ায়, তবে জোটের আসন সংখ্যা অনায়াসেই ১১৮-র গণ্ডি পার করে ফেলবে এবং সুপারস্টার এবং টিভিকে সুপ্রিমো বিজয় স্বাচ্ছন্দ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন।








