
পিতৃপক্ষ শেষ, শুরু দেবীপক্ষ। রবিবার মহালয়ায় পুণ্য লগ্নে সূচনা হয়ে গেল বাঙালির প্রাণের উৎসবের। আর এমন পবিত্র দিনে দুর্গাপুজো নিয়ে নিজের গান প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলের আগমনী গানের ভিডিওটি পোস্ট করেছেন তিনি।
শস্যশ্যামল বঙ্গের ঘরে ঘরে উমাকে আবাহনের বার্তা নিয়ে গানের কথা ও সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধনধান্যে ভরে মা এসেছেন ঘরে-গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। বিভিন্ন পুজোমণ্ডপে মুখ্যমন্ত্রীর এই আগমনি গান শোনা যাবে। জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী রবিবার, মহালয়ায় পুণ্য লগ্নে এক্স হ্যান্ডলে পোস্ট করে এভাবেই বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেইসঙ্গে তিনি পোস্ট করেছেন নিজের তৈরি আগমনী গানটি। যেখানে বিভিন্ন পুজো মণ্ডপ উদ্বোধন করতে দেখা দিয়েছে মুখ্যমন্ত্রীকে।
পাশাপাশি শরতের আকাশের পেজা তুলোর মতো মেঘ, কাশফুল সবকিছুই রয়েছে গানের ভিডিওটিতে। সবমিলিয়ে ২ মিনিট ৪০ সেকেন্ডের মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন অনেকে। তাঁর প্রশংসাও করেছেন।
