
পুজোর আগে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছবেন তিনি। ১০ সেপ্টেম্বর, বুধবার ডুয়ার্সে তাঁর কর্মসূচি।
ডুয়ার্সের প্রশাসনিক সভায় চা-বাগান শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী নিজে। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সামনে রেখে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বিভিন্ন চা-বাগানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সম্পন্ন। উচ্ছ্বাস শ্রমিক মহলে। সোমবার শোনগাছি, নাকটি ও বাটাইগোল চা-বাগানে পৃথক পৃথকভাবে সভা করে পাট্টা প্রাপকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
জানা গিয়েছে, ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের ৮ জন শ্রমিককে মুখ্যমন্ত্রী সরাসরি মঞ্চ থেকে পাট্টা প্রদান করবেন। এছাড়া বাকি শ্রমিকদেরও ওই দিনই জমির পাট্টা হস্তান্তর করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
