
পুলিশেরও যদি এক শতাংশও শিথিলতা থাকে, তবে কড়া পদক্ষেপ করা হবে। পুলিশের ভূমিকা নিয়ে সিদ্ধিনাথ গুপ্তাকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বারুইপুরের ধর্ষণ-খুনের ঘটনায় পুলিশ-প্রশাসনের কোনও শিথিলতা বরদাস্ত করা হবে না। এসপি অফিসে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুরে বারুইপুরের এসপি অফিসে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি। শুধু তারা নয়, কিশোরীর দেহ উদ্ধারের পর গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবারের দাবি মেনে মুখ্যমন্ত্রী বারুইপুরের সূর্যপুরে অবিলম্বে একটি নতুন পুলিশ আউটপোস্ট গঠন করার জন্য ডিজি এবং হোম সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থায়ী ভবন তৈরি হওয়ার আগে প্রয়োজনে কোনও ভাড়া বাড়ি নিয়ে হলেও দ্রুত এই আউটপোস্টের কাজ চালু করতে বলা হয়েছে। আগামী সপ্তাহে দ্বিতীয়বার যখন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে আসবেন, তখনই সূর্যপুর আউটপোস্টের উদ্বোধন করা হবে। এসপি অফিসে স্থানীয় সাংসদ সায়নী ঘোষ, বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
তাঁরাও সরকার এবং পুলিশের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। বিজেপির তিন বিধায়ক গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গঙ্গোপাধ্যায় এবং দেবাশিস ধর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।
