
বেলগাভির অতিরিক্ত পুলিশ সুপার এনভি বরমানিকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার চড় মারার চেষ্টার ঘটনা নিয়ে উত্তাল কর্নাটক। রাজ্য রাজনীতি সরগরম হচ্ছে ক্রমশ। মুখ্যমন্ত্রীর আচরণ নিয়ে সমালোচনার ঝড় বইছে। এর মধ্যেই চড়কাণ্ড নিয়ে যখন উত্তাপ বাড়ছে রাজনীতিতে, সেই আইপিএস বরমানির ইস্তফা নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারিয়েছেন মুখ্যমন্ত্রী।
নন্দী হিলসে মন্ত্রিপরিষদের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সিদ্দারামাইয়া,সেখানে তাঁকে এক সাংবাদিক আইপিএস আধিকারিকের ইস্তফা নিয়ে প্রশ্ন করেন। তৎক্ষণাৎ মেজাজ হারিয়ে ফেলেন সিদ্দারামাইয়া। পাল্টা তিনি ওই সাংবাদিককে প্রশ্ন করেন, আপনি কি বিজেপির লোক? ওরা যখন চুপ করে রয়েছে, আপনি কেন এ সব প্রশ্ন তুলছেন? ঘটনাচক্রে, আইপিএস আধিকারিককে চড় মারার চেষ্টার ঘটনায় যখন কর্নাটক উত্তাল,সেই সময় ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নেমেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর।
পরমেশ্বর যদিও অতিরিক্ত পুলিশ সুপার বরমানির ইস্তফার বিষয়টি নিয়ে দাবি করেছেন, আইপিএস আধিকারিকের ইস্তফাপত্র গ্রহণ করা হবে না। পাশাপাশি তাঁর মন্তব্য, এএসপি বরমানির সঙ্গে কথা বলেছেন। তাঁকে নতুন পদে বহাল করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি,যে ঘটনা অতিরিক্ত পুলিশ সুপার বরমানির সঙ্গে ঘটেছে, তা ইচ্ছাকৃত নয়। ঘটনাটি মুহূর্তেই ঘটে গিয়েছে। তাঁর সঙ্গে মন্ত্রী এইচকে পাটিলও কথা বলেছেন।





