
জুন মাস শুরুর আগেই সল্টলেকে দলীয় কার্যালয়ে সাধারণ মানুষের কথা, সমস্যা জানতে জনতার দরবার শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সকালে সল্টলেকের দলীয় কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।
সকাল ১০টা নাগাদ সল্টলেকের বিজেপি দফতরে জনতার দরবার কর্মসূচি শুরু হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অভাব-অভিযোগের কথা জানাতে মানুষের ভিড় বিজেপির কার্যালয়ের বাইরে। কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পরই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানান। কারণ, তাঁর কথায়, সাধারণ মানুষ ক্যামেরার সামনে তাঁদের অস্বস্তির কথা জানাতে দ্বিধা বোধ করতে পারেন। তাই সাধারণের অসুবিধা হবে, এমন পরিস্থিতি চাইছেন না শুভেন্দু অধিকারী।
সপ্তাহে এক বা দু’দিন সরাসরি সাধারণ মানুষের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকবেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা, যাতে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।







