
ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে ৪ দিন মর্ত্যে কাটিয়ে অবশেষে কৈলাশে ফিরেছেন উমা। মায়ের বিদায়ে বিষন্নতায় আপামর বাঙালি। এরই মধ্যে চলছে বিজয়ার উৎসব। প্রতিবারের মতন এবারও কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন দলের সাংসদ এবং বিধায়করা।
উপস্থিত ছিলেন জেলার নেতারাও। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিস্বাস, ইন্দ্রনীল সেন-সহ অন্যান্যরা। পাশাপাশি বিধায়কদের মধ্যে উপস্থিত ছিলেন দেবাশিস কুমার, সহ আরও অনেকে। প্রচুর ব্লক স্তরের নেতারাও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে আসা মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে, শুক্রবার নিজের কালীঘাটে বিজয়া সম্মিলনীতে যোগ দিয়েছিলেন সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বিজয়া সম্মিলনীতে অভিষেকের হাতে নানা উপহার তুলে দেওয়া হয়। কেউ দিলেন মিষ্টির হাঁড়ি, কেউ আবার অন্য কোনও উপহার। তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।








