
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তিন মেয়াদের কাজের খতিয়ান প্রকাশ করে পোশাকি নাম দিয়েছিলেন উন্নয়নের পাঁচালি। এবার সেই রিপোর্ট কার্ড নিয়েই কটাক্ষ করে হতশ্রীর পাঁচালি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতার দাবি, গোটা রাজ্যে উন্নয়ন নয়, যেন হতশ্রীর পাঁচালি হয়েছে। রাজ্য জুড়ে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। যে কারণে রেডিমেড উন্নয়নের খতিয়ান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, প্রশাসনের তরফে ওই’উন্নয়নের পাঁচালি প্রচারের নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্যবাসীর উদ্দেশে শুভেন্দু আর্জি জানিয়ে বলেছেন, তাঁরা যেন জেলাসাসকদের কাছে প্রশ্ন করেন, কেন মহিলাদের রাতে না বেরনোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেন রাজ্যে আট হাজার স্কুল বন্ধ। কেন দুর্গাপুজো করতে গেলে আদালতে যেতে হয়। তিনি বলেছেন, জলজীবন মিশনে প্রধানমন্ত্রী এতগুলো টাকা দিয়েছেন, তারপরও কেন জল পাওয়া যায় না, সেই প্রশ্নও করতে হবে রাজ্যবাসীকে। কেন এখনও অভয়ার মতো ঘটনা ঘটে রাজ্যে, উত্তর চান। ১০০ দিনের কাজের ব্যাপারে কথা বলতে গিয়ে শুভেন্দু রাজ্য সরকারের জব কার্ড নিয়েও অভিযোগ তোলেন। কিন্তু ভুয়ো জব কার্ডের পাহাড় তৈরি করেছে রাজ্য।
কংগ্রেস আমলে ১৪ হাজার কোটি, আর মোদী সরকার ২০১৪-২০২২ পর্যন্ত ৫৪,৬০০ কোটি টাকা দিয়েছে। কিন্তু দেখানো হয়েছে ২.৫৬ কোটি জব কার্ড, যার মধ্যে ১.৬ কোটি কার্ডের অথেনটিকেশনই হয়নি।








