
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়ে ইউজিসি-র তৈরি খসড়া নিয়ে রিপোর্ট দিয়েছে রাজ্য সরকার গঠিত ৮ সদস্যের কমিটি। ইউজিসির খসড়ার ১০টি বিষয় নিয়ে আপত্তি জানিয়েছে তারা।
কমিটির বক্তব্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে তিন জন নয়, পাঁচ জনের কমিটি গঠন করা উচিত। রাজ্য সরকার গঠিত কমিটি যে রিপোর্ট দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে তা ইউজিসির কাছেও পাঠানো হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইউজিসির খসড়াকে অগণতান্ত্রিক বলেও মন্তব্য করেছেন ব্রাত্য বসু। তিনি বলেছেন ওই খসড়ায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অবমাননা করা হয়েছে।
শিক্ষামন্ত্রীর বক্তব্য উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যে ৫ সদস্যের কমিটি গঠন করার কথা বলা হচ্ছে তাতে আচার্য, ইউজিসি এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিও থাকবেন। কারণ জমি দেওয়া থেকে বিশ্ববিদ্যালয় নির্মাণ সবটাই রাজ্যের তত্ত্বাবধানে হয়ে থাকে।
