
শিশুমৃত্যুকে কেন্দ্র করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। হেনস্থা করা হয়েছে নার্স এমনকি সাফাই কর্মীদেরও।
প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই কর্মবিরতি শুরু করেছেন মথুরাপুর হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সাফাইকর্মীদের একাংশ। জানা গিয়েছে মথুরাপুরের বাসিন্দা এক শিশুকে সঙ্কটজনক অবস্থায় দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ওই সময় হাসপাতালের এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক ছিলেন সৌরভ হালদার। সঙ্কটজনক থাকায় তিনি শিশুটিকে বড় হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। যদিও পরিবারের লোকজন তা শুনতে চাননি। এরপর ওই হাসপাতালে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্য হয়। এরপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কর্তব্যরত চিকিৎসকরে মারধর শুরু করেন শিশুর আত্মীয়রা। চিকিৎসককে মারধরের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেন অন ডিউটি কনস্টেবল। চিকিৎসককে বাঁচাতে গিয়ে মার খান নার্স এবং সাফাইকর্মীরাও। পরে পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় এক অভিযুক্তকে।
ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে প্রায় ৩ ঘণ্টা কাজ বন্ধ রাখেন চিকিৎসক, নার্স এবং সাফাইকর্মীদের একাংশ।
