ধার শোধ না দেওয়ায় শ্রমিক দম্পতির শিশুসন্তান খুন

0
160
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

খামারমালিকের কাছ থেকে ২৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন এক শ্রমিক দম্পতি, সময়মতো সেই টাকা শোধ করতে না পারায় তাঁদের এক শিশুপুত্রকে বন্ধক রেখেছিলেন, যদিও সময়ের মধ্যে সেই টাকা শোধ করতে না পারায় শিশুটিকে খুন করেন বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে খামারমালিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের তিরুপতির।

পুলিশ সূত্রে খবর, এক আদিবাসী পরিবার তিরুপতির ওই খামারেই কাজ করতেন। তাঁর তিন সন্তানও কাজ করত। হাড়ভাঙা খাটুনির কারণে মালিকের কাছে তাঁরা জানান যে, আর কাজ করতে পারবেন না। তখন মালিক জানান, এ ভাবে কাজ ছেড়ে চলে যাওয়া যাবে না। ঋণের না শোধ না করতে পারলে যেতে দেওয়া হবে না। ওই দম্পতি জানান, তাঁরা টাকা শোধ করে দেবেন।

কিন্তু খামারমালিক রাজি হননি। অভিযোগ, তাঁদের হুমকি দেন, যদি যেতে হয়, তা হলে সুদসমেত ৪৫ হাজার টাকা দিতে হবে। কিন্তু তাঁরা কাকুতিমিনতি করেন। তাতে বরফ গলেনি। শেষে একটি শর্তে তাঁদের ছাড়তে রাজি হন খামারমালিক। এরপরই তাঁদের সন্তানকে খুন করে দেহ পুঁতে দেন মাটিতে ওই খামারমালিক।