
ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণে গুরুতর জখম ৩ নাবালক বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার তাদেরকেই দেখতে হাসপাতালে গিয়েছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস।
তিনি জানিয়েছেন একজনকে সিসিইউতে রাখা হয়েছে । বাকি দুজন বার্ন ওয়ার্ডে রয়েছে। সিসিইউতে যে শিশু চিকিৎসাধীন রয়েছে সে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছে। রাস্তার কাজের আগে কেন সাবধানতা অবলম্বন করা হল না। জানতে চেয়ে পুলিশের থেকে রিপোর্ট তলব করেছে শিশু সুরক্ষা কমিশন। এদিকে হাসপাতাল সূত্রে খবর অত্যন্ত সঙ্কটজনক প্রায় ৯৫ শতাংশ বার্ন ইনজুরি থাকা সাদিকুল আহমেদকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। বাকি দুজনকে বার্ন ওয়ার্ডে রাখা হয়েছে। আগের থেকে বাকি দুজনের অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে সাদিকুল এখনও বিপদমুক্ত নয়। মঙ্গলবার রাস্তায় মেরামতির সময় কেমিক্যাল ভর্তি ড্রামে হঠাৎ করেই বিস্ফোরণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৪ নাবালক কার্যত ঝলসে যায়। এদের মধ্যে বছর আটের সাদিকুল আহমেদ, ৯ বছরের রায়ান মোল্লা এবং বছর ১০-র সামিউল মোল্লা গুরুতর জখম হয়। যারমধ্যে সাদিকুলের ৯৫ শতাংশ বার্ন ইনজুরি রয়েছে। জানা গিয়েছে ঘটকপুকুর থেকে চুটকির মোড় পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেই কাজের জন্য রাস্তার পাশে কয়েকটি রাসায়নিকের ড্রাম রাখা ছিল।
সেখানেই স্কুল ছুটির পর বিকেলে খেলছিল একদল শিশু। তখন ড্রামে রাখা কেমিক্যালে বিস্ফোরণ ঘটে।
