
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও পারমাণবিক নীতির তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। বেজিংয়ে এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যৌথভাবে আমেরিকার এই নীতির সমালোচনা করেন।
তবে বিশ্বজুড়ে নিরাপত্তা নিয়ে দুই দেশ একমত হলেও রাশিয়ার বহুল প্রতীক্ষিত নতুন একটি গ্যাস পাইপলাইন চুক্তি এবারও চূড়ান্ত হয়নি। উল্লেখ্য ২০ মে বেজিংয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনকে রাষ্ট্রীয় সম্মানে স্বাগত জানান শি জিনপিং। এর মাত্র এক সপ্তাহ আগেই বেজিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে আতিথ্য দিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট। বৈঠক শেষে দুই দেশ একটি যৌথ বিবৃতি দেয়। সেখানে বলা হয়েছে, ট্রাম্পের নতুন ক্ষেপণাস্ত্র পরিকল্পনা বিশ্বের শান্তির জন্য হুমকি। এ ছাড়া আমেরিকা ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক চুক্তি রিনিউ না করায় ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করা হয়। এই বৈঠকে দুই দেশের বন্ধুত্ব জোরালো হলেও রাশিয়া বড় কোনো অর্থনৈতিক সাফল্য পায়নি। এদিকে, মঙ্গোলিয়ার ওপর দিয়ে রাশিয়া থেকে চীনে গ্যাস নেওয়ার জন্য, পাওয়ার অফ সাইবেরিয়া টু নামের একটি পাইপলাইন চুক্তি করার কথা ছিল।
কিন্তু গ্যাসের দাম ও অর্থায়নের বিষয়ে দুই দেশের অমিল থাকায় চুক্তিটি আটকে গেছে। ইউরোপের বাজার হারানোর পর রাশিয়ার জন্য এই চুক্তি খুব দরকারি হলেও, চীন এ বিষয়ে ধীরগতিতে এগোচ্ছে। বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিন যখন নিজেদের দেশের নানা সমস্যায় ব্যস্ত, তখন শি জিনপিং বিশ্বমঞ্চে নিজেকে এক শক্তিশালী ও শান্তিকামী নেতা হিসেবে তুলে ধরেছেন। এ ছাড়া যৌথ বিবৃতিতে ইরানের ওপর হামলা চালানোর জন্য আমেরিকা ও ইসরায়েলের সমালোচনা করেছেন দুই নেতা।







