
করোনা ভাইরাসের পর এবার চিনে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস। করোনার মতোই দ্রুতহারে চিনে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। তার জেরেই চিনের বিভিন্ন হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, চিনের বিভিন্ন হাসপাতালে রোগীদের থিকথিকে ভিড়। রোগীদের প্রায় অনেকেই হিউম্যান মেটাপনিউমোনিয়ায় আক্রান্ত বলে জানা যাচ্ছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। চিনের তরফেও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে মুখ খোলা না হলেও চিনের রোগ প্রতিরোধক সংস্থা জানিয়েছে, তারা গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে। শীতকালে শ্বাসযন্ত্র সংক্রমণের মতো রোগ বাড়ে। তবে অজানা প্যাথোজেন শনাক্ত করতে প্রোটোকল তৈরি করা হয়েছে। ল্যাবরেটরিতে রিপোর্ট তৈরি ও রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। করোনা সংক্রমণের মতো পরিস্থিতি আর তৈরি হবে না বলেই তারা আশ্বাস দিয়েছে। কোভিডের সঙ্গে হিউম্যান মেটানিউমোভাইরাস-র অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। এটিও হাঁচি- কাশির মাধ্যমে সংক্রমিত ব্যক্তির থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।
রোগীর ব্যবহৃত জিনিসের সংস্পর্শে এলেও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই ভাইরাসে আক্রান্ত হলে মূলত যে উপসর্গগুলি দেখা যায়, সেগুলি হল সর্দি, জ্বর, নাকবন্ধ হয়ে যাওয়া।






