
আমেরিকা, ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাত তীব্র হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তেহরানের সঙ্গে আলোচনা শুরু করেছে চীন।
কূটনৈতিক তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা জানিয়েছে, সংঘাত এখন সপ্তম দিনে গড়িয়েছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়েছে। এতে বিশ্বজুড়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। সূত্রগুলো জানিয়েছে, ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা এবং মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল চীন এই পরিস্থিতিতে অসন্তুষ্ট। তাই বেজিং তেহরানের ওপর চাপ দিচ্ছে যাতে অপরিশোধিত তেল ও কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারে। উল্লেখ্য,বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন তাদের মোট তেল আমদানির প্রায় ৪৫ শতাংশই হরমুজ প্রণালী দিয়ে পেয়ে থাকে। সংঘাত শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যে ১৫ শতাংশের বেশি বেড়েছে।
ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা ও হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজে হামলা চালানোর কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানা গেছে।এদিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সাইপ্রাস, আজারবাইজান, তুরস্ক পর্যন্ত পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে। এতে বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং বড় অর্থনীতিগুলো মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিয়েছে।





