
বিশ্ব প্রযুক্তি ক্ষেত্রে আবারও আলোড়ন তুলেছে চীনের একটি নতুন উদ্যোগ। গত বছরের চমক কাটতে না কাটতেই নতুন ভার্শনের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট লঞ্চ করেছে চীনা স্টার্টআপ ডিপসিক।
প্রতিষ্ঠানটি সম্প্রতি ডিপসিক-ভি ফোর -প্রো এবং ডিপসিক-ভি ফোর-ফ্ল্যাশ নামে দুটি নতুন মডেলের প্রিভিউ প্রকাশ করেছে। তাদের দাবি, এই মডেলগুলো আমেরিকার ওপেনএআই ও গুগলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করতে সক্ষম।ডিপসিক জানিয়েছে, প্রো ভার্শণটি গণিত ও কোডিংয়ে অন্যান্য ওপেন মডেলকে ছাড়িয়ে গেছে। তবে সাধারণ জ্ঞানভিত্তিক তথ্যের ক্ষেত্রে এটি গুগলের জেমিনি ৩.১-প্রো-এর পরেই অবস্থান করছে। অন্যদিকে ফ্ল্যাশ ভার্শণটি প্রায় একই ধরনের চিন্তাশক্তি,সমস্যা সমাধানের ক্ষমতা রাখে, কিন্তু এটি দ্রুত কাজ করে এবং খরচও কম।এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে ডিপসিক-আর১ মডেল বাজারে আসার পর প্রযুক্তি দুনিয়ায় বড় ধরনের চমক সৃষ্টি করেছিল। এর ক্ষমতা চ্যাটজিপিটি ও জেমিনির মতো উন্নত মডেলের কাছাকাছি বলে মনে করা হয়।
বিশেষ করে, মাত্র ৬ মিলিয়ন ডলারের কম খরচে এই মডেল তৈরি হয়েছে,যা সিলিকন ভ্যালির বহু বিলিয়ন ডলারের বাজেটের তুলনায় অনেক কম। তবে ডিপসিক নিয়ে বিতর্কও রয়েছে। তথ্য সুরক্ষা ,ব্যক্তিগত তথ্য নিরাপত্তা ও চীনা সরকারের নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগের কারণে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য, অস্ট্রেলিয়া, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক ও ইতালিতে এই প্রযুক্তির ওপর নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
