
চিন-পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধি দেশের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এভাবেই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং।
২১তম সুব্রত মুখোপাধ্যায় সেমিনারে তিনি বলেছেন, বর্তমান বিশ্বের পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যেখানে বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ ও প্রতিযোগিতা চলছে। ভারতেরও পশ্চিম এবং উত্তর সীমান্তে নিরাপত্তা নিয়ে চিন্তা রয়েছে, কারণ চিন এবং পাকিস্তান তাদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে।চিন তাদের বিমান বাহিনীতে ব্যাপকভাবে বিনিয়োগ করছে। সম্প্রতি দেশটি তার নতুন ষষ্ঠ প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান নিয়ে এসেছে, যা তার প্রযুক্তিগত অগ্রগতি ও শক্তির প্রতিফলন ঘটাচ্ছে।এয়ার চিফ মার্শাল আরও বলেছেন, চিনের ক্ষেত্রে, এটি শুধুমাত্র সংখ্যার ব্যাপার নয়, তাদের প্রযুক্তি এমন দ্রুত গতিতে উন্নত হচ্ছে, যা ভারতকে আরও সতর্ক করে তোলে।ভারতীয় বায়ুসেনা প্রধান তেজস মার্ক-১এ বিমান প্রকল্পের বিলম্ব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং ভারতীয় বায়ু সেনার আত্মনির্ভরতা অর্জনের জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেছেন।
তিনি জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনা এখন বিভিন্ন দেশীয় যন্ত্রাংশ তৈরি করছে, যেখানে বেস রিপেয়ার ডিপো প্রায় ৫০ হাজার উপাদান দেশীয়ভাবে উৎপাদন করেছে। এছাড়া, মেহর বাবা-১, আইডেক্স ও এডিটিভ প্রযুক্তি মাধ্যমে উদ্ভাবন উৎসাহিত করতে বেশ কিছু চুক্তি সাক্ষর করা হয়েছে।
