বিশ্বের প্রথম বাণিজ্যিক ব্রেইন চিপ চীনের ‘নিও’

0
31
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

চিনে বিশ্বের প্রথম বাণিজ্যিক ভাবে অনুমোদিত মস্তিষ্ক-কম্পিউটার চিপ বাজারে আনার ঘোষণা দিয়েছে। নিও নামের এই চিপ ইতিমধ্যে ক্লিনিক্যাল পরীক্ষা পাস করেছে এবং অস্ত্রোপচারের মাধ্যমে মানবদেহে স্থাপনযোগ্য প্রথম অনুমোদিত ব্রেন-চিপ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে চীন প্রযুক্তিখাতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে এটি ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংকের মতো প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোকেও পিছনে ফেলে দিয়েছে। জানা গেছে, মুদ্রার আকারের এই যন্ত্রটি মূলত মেরুদণ্ডে আঘাত পাওয়া এবং পক্ষাঘাতে আক্রান্ত রোগীদের জন্য তৈরি করা হয়েছে। চিপটির কাজ হলো মস্তিষ্কের সংকেত সংগ্রহ করে তা কম্পিউটারের নির্দেশনায় রূপান্তর করা। এর মাধ্যমে যেসব রোগী স্বাভাবিকভাবে চলাফেরা বা বিভিন্ন কাজ করতে পারেন না, তারা চিন্তার সাহায্যে কিছু কাজ নিয়ন্ত্রণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থায় শিগগিরই এটি ব্যাপকভাবে ব্যবহার শুরু হতে পারে বলে জানা গেছে। এদিকে মস্তিষ্ক-কম্পিউটার সংযোগ প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান।

বিশেষ করে ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংক দাবি করে, ভবিষ্যতে ব্যবহারকারীরা শুধু চিন্তার মাধ্যমে কম্পিউটারে টাইপ করতে, মাউস চালাতে কিংবা বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন। ইলন মাস্ক সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, এই প্রযুক্তি পক্ষাঘাতগ্রস্ত মানুষকে আবার শরীরের নিয়ন্ত্রণ ফিরে পেতে সাহায্য করতে পারে। এমনকি ভবিষ্যতে দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রযুক্তি খাতের অনেক উদ্যোক্তা মনে করেন, মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে আরো ঘনিষ্ঠ সংযোগ তৈরির পথ খুলে দিতে পারে এই প্রযুক্তি।