
তাইওয়ানের রাজধানী তাইপেতে চীনের সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে শুরু হয়েছে অন্যতম বৃহৎ বেসামরিক প্রতিরক্ষা মহড়া। পুরো শহর কার্যত থেমে গিয়েছে,বেজেছে বিমান হামলা সতর্কতা সাইরেন, বন্ধ ছিল যান চলাচল এবং অনেক এলাকায় মানুষকে ঘরে থাকার কথা বলা হয়েছিল।এই অনুশীলন তাইওয়ানের সর্ববৃহৎ বার্ষিক সামরিক মহড়া ,হান কুয়াং মহড়ার অংশ হিসেবে পরিচালিত হয়েছে, যেখানে দ্বীপ রাষ্ট্রটি তার প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে।
উল্লেখ্য,চীন স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে এবং প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমেও পুনরেকত্রীকরণ ঘটানোর হুমকি দিয়ে আসছে। পরিস্থিতি আরো উত্তপ্ত হয় যখন তাইওয়ান গত বছর বিচ্ছিন্নতাবাদী হিসেবে পরিচিত উইলিয়াম লাইকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে।চলতি সপ্তাহে শুরু হওয়া আরবান রেজিলিয়েন্স এক্সারসাইজ-এর আওতায়, প্রতিদিন আধ ঘণ্টার জন্য একাধিক শহরে বিমান হামলা সাইরেন বাজানো হচ্ছে। এই সময়ে নির্ধারিত এলাকাগুলোর বাসিন্দাদের ঘরে থাকতে বাধ্য করা হচ্ছে,না মানলে জরিমানার মুখে পড়তে হচ্ছে।সকল দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ রাখতে বলা হয়েছে এবং রাস্তাঘাটে চলাচল সম্পূর্ণ বন্ধ করে চালকদের আশ্রয়স্থলে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে।
বলা হচ্ছে,তাইপে শহরে, জরুরি সহায়তাকারী কর্মী এবং স্বেচ্ছাসেবীরা একটি বাজার, মন্দির, স্কুল, সাবওয়ে স্টেশন এবং মহাসড়ক থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার মহড়ায় অংশ নিচ্ছেন। এ ছাড়া একাধিক হতাহতের ঘটনা ঘটেছে এমন পরিস্থিতি অনুকরণ করে আহতদের চিকিৎসা ও ত্রাণ বিতরণ অনুশীলনও করা হচ্ছে। এদিকে আমেরিকার কর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রেসিডেন্ট শি চিনপিং ২০২৭ সালের মধ্যে তাইওয়ানে হামলা চালানোর মতো ক্ষমতা গড়ে তুলতে চাইছেন।





