
তাইওয়ানে চীনের সোশ্যাল মিডিয়া মাধ্যম অ্যাপ রেডনোট নিষিদ্ধ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেডনোট অ্যাপটির ব্যবহার এক বছরের জন্য স্থগিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, মূলত নিরাপত্তা ঝুঁকির কথার বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাইওয়ানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ হচ্ছে, ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ১৭ শ’রও বেশি প্রতারণার ঘটনায় রেডনোট প্ল্যাটফর্মটির জড়িত থাকার প্রমাণ পেয়েছে তারা।এই প্রেক্ষিতে নেওয়া সরকারের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে তাইওয়ানের রাষ্ট্রপতির দপ্তরও।তাইওয়ানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সরকার রেডনোটের সাথে ডেটা সুরক্ষা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়ে যোগাযোগ করেছে। কিন্তু চীনা প্ল্যাটফর্মটি তাতে সাড়া দেয়নি।
উল্লেখ্য, ইনস্টাগ্রামের মতো দেখতে রেডনোট অ্যাপটি চীনা ভাষায় শাওহংশু নামে পরিচিতি। তাইওয়ানে এর প্রায় ৩ মিলিয়ন অর্থাৎ ৩০ লাখ ইউজার রয়েছে। যদিও নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে অ্যাপটির কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি।








