
চীনের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠা ফিলিপাইনের প্রাক্তন মেয়র ইন্দোনেশিয়ায় গ্রেপ্তার হয়েছেন। অভিযোগ ওঠার পর কয়েক সপ্তাহ ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন ওই মেয়র।
প্রাক্তন ওই মেয়রের নাম এলিস গুও।তার বিরুদ্ধে জুলাই মাসে তদন্ত শুরু হয়। তখন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ফিলিপাইন কর্তৃপক্ষ চারটি দেশে তাকে অনুসরণ করেছে।দেশটির কর্তৃপক্ষ মনে করছেন, রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে একটার পর একটা নৌকা বদলে ফিলিপাইন থেকে মালয়েশিয়া ও সিঙ্গাপুর হয়ে ইন্দোনেশিয়ায় পৌঁছান এলিস।এলিসের বিরুদ্ধে অনলাইনে জুয়ো খেলার ব্যবসায় মদত দেওয়া, জুয়ার আড়ালে স্ক্যাম ,প্রতারণা সেন্টার চালানো এবং মানব পাচারে জড়িত থাকা অভিযোগ রয়েছে।এদিকে, যত দ্রুত সম্ভব এলিসকে ফিলিপাইনে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
